ফেসবুকে বিজ্ঞাপনের বিল দেওয়া যাবে বিকাশে: পরীক্ষা চালাচ্ছ মেটা



বাংলাদেশের ক্রমবর্ধমান ই-কমার্স, এফ-কমার্স এবং ডিজিটাল মার্কেটিং খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বড় সুখবর নিয়ে আসছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা। তাদের বিজ্ঞাপনী প্ল্যাটফর্মে পেমেন্ট মাধ্যম হিসেবে মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস ‘বিকাশ’ (bKash) যুক্ত করার উদ্যোগ নিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। সুবিধাটি বর্তমানে পরীক্ষামূলক (Beta) পর্যায়ে রয়েছে।


সংশ্লিষ্টদের মতে, বিকাশের মাধ্যমে মেটার বিজ্ঞাপনের বিল পরিশোধের সুযোগ আনুষ্ঠানিকভাবে চালু হলে আন্তর্জাতিক ক্রেডিট বা ডেবিট কার্ডের ওপর দীর্ঘদিনের নির্ভরতা বহুলাংশে কমবে। একই সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ফেসবুক বিজ্ঞাপন (Facebook Ads) পরিচালনা করা আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী হবে।


মেটা অ্যাডস ম্যানেজারে ভাসছে বিকাশের নাম

সম্প্রতি দেশের বেশ কয়েকজন ডিজিটাল মার্কেটার ও ব্যবহারকারীর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা স্ক্রিনশটে দেখা গেছে, মেটার 'Ads Manager'-এর ‘Add Payment Method’ অপশনে প্রচলিত আন্তর্জাতিক ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশের অপশন দেখা যাচ্ছে। এমনকি কয়েকজন উদ্যোক্তা ইতিমধ্যেই বিকাশ পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে সফলভাবে বিজ্ঞাপনের বিল পরিশোধ করতে সক্ষম হয়েছেন বলেও জানা গেছে।


দূর হবে কার্ড জটিলতা ও বাড়তি খরচ

দীর্ঘদিন ধরে বাংলাদেশে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধের জন্য পাসপোর্ট অ্যান্ডোর্সমেন্টযুক্ত আন্তর্জাতিক কার্ড, ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড কিংবা বিভিন্ন জটিল ব্যাংকিং প্রক্রিয়া সম্পন্ন করতে হতো। বিশেষ করে প্রান্তিক ও তরুণ উদ্যোক্তাদের জন্য এই শর্তগুলো পূরণ করা ছিল অত্যন্ত কঠিন ও সময়সাপেক্ষ। অনেক সময় থার্ড-পার্টি এজেন্সির ওপর নির্ভর করতে গিয়ে বাড়তি অর্থও গুণতে হতো তাঁদের। বিকাশের সংযোগ এই সব জটিলতার সহজ সমাধান দেবে।


মেটার ঘোষণার অপেক্ষা

নতুন এই সেবা নিয়ে ফেসবুকের মাতৃপ্রতিষ্ঠান মেটা কিংবা বিকাশ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি বা ঘোষণা দেওয়া হয়নি। ফলে সুবিধাটি দেশের সব মেটা ব্যবহারকারী ও বিজনেসের জন্য পুরোপুরি কবে নাগাদ উন্মুক্ত করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।


সংশ্লিষ্ট খাত বিশেষজ্ঞরা মনে করছেন, মেটার এই ট্রায়াল সফলভাবে সম্পন্ন হলে ভবিষ্যতে দেশের লাখ লাখ ছোট-বড় ব্যবসায়ী স্থানীয় মুদ্রায় খুব সহজেই ফেসবুকে প্রমোশন চালাতে পারবেন—যা দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

Comments